আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে বাঘাইছড়ি উপজেলার সাজেক ও পার্শ্ববর্তী ৬টি দুর্গম ভোটকেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে ভোটের সরঞ্জাম ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পাঠানো শুরু হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ২৭ বিজিবি মারিশ্যা জোনের হেলিপ্যাড থেকে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি এমআই-১৭ হেলিকপ্টার ব্যবহার করে এসব সরঞ্জাম ও কর্মকর্তাদের পরিবহন কার্যক্রম শুরু করা হয়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান জানান, যেসব কেন্দ্রে স্থলপথে যাতায়াত সম্ভব নয়, সেসব কেন্দ্রের জন্য আকাশপথ ব্যবহার করা হচ্ছে।
এসব কেন্দ্র হলো, দোজর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, শিয়ালদাহ লুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুইসুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেটলিং সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নিউলংকর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২৯৯ নম্বর রাঙ্গামাটি আসনে ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাঘাইছড়িতে মোট ভোটার সংখ্যা ৮১,৩৪৪ জন।
এবার পাহাড়ি অঞ্চলে আঞ্চলিক দলের প্রার্থী না থাকলেও রাজনৈতিক সমর্থন ভিন্নমত প্রকাশ করেছে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর বিভিন্ন অংশ বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী দীপেন দেওয়ানকে সমর্থন দিয়েছে। অন্যদিকে ইউপিডিএফের মূল দল স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমার ফুটবল প্রতীকের পক্ষে সমর্থন দিয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী ও বিজিবির ১৩ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া সাতটি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।



মন্তব্য নেওয়া বন্ধ।