চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে সাত প্রার্থী ভোটের মাঠে লড়াই করছেন। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামী প্রার্থীর মধ্যে কড়া লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা। তবে বিগত সরকারের সময় বির্তকপূর্ণ নির্বাচনের কারণে ভোটারদের মধ্যে নিরুৎসাহ দেখা গেছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় করেরহাটে নির্বাচনী এক ভিন্ন চিত্র দেখা যায়। বিএনপির প্রার্থী নুরুল আমিনকে নিয়ে কুমিল্লা টিম নামের কয়েকজন গান পরিবেশন করছিলেন। তাদের সঙ্গে ছিল ঢোল, হারমোনিয়ামসহ বিভিন্ন বাদ্যযন্ত্র। বাজারের মোড়ে মোড়ে দাঁড়িয়ে তারা প্রার্থীর গান পরিবেশন করতে থাকলে মানুষ জমায়েত হয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করছে। অনেকে নাচেও অংশ নেন, আর স্থানীয়রা খুশি হয়ে তাদের টাকাও দিচ্ছেন।
কুমিল্লা টিমের আনিছুর রহমান জানান, তারা কুমিল্লা জেলার বাসিন্দা। নির্বাচনের সময় দেশের বিভিন্ন স্থানে গিয়ে প্রার্থীদের জন্য প্রচারণা গান তৈরি করেন এবং ভোটারদের ভোট দেওয়ার জন্য উৎসাহিত করেন।
করেরহাট বাজারের কামরুল হোসেন বলেন, বিগত দুই দশকে নির্বাচনের যে আমেজ ছিল, এখন তা নেই। বিগত বির্তকপূর্ণ নির্বাচনের কারণে ভোটারদের আস্থা কমেছে। তবে এই নির্বাচনে প্রার্থীরা উৎসবমুখর পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন, আশা করা যায় এটা সফল হবে।



মন্তব্য নেওয়া বন্ধ।