পরীক্ষা দ্রুত শুরুর দাবিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার্থীদের স্মারকলিপি

0

বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা দ্রুত শুরু এবং যৌক্তিক বিরতি রেখে নতুন পরীক্ষার রুটিন ঘোষণার দাবিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছেন পরীক্ষার্থীদের একটি প্রতিনিধি দল।

রোববার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম কলেজ, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, সরকারি সিটি কলেজ ও ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের কয়েকজন পরীক্ষার্থী চট্টগ্রাম শিক্ষাবোর্ডে গিয়ে স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে পরীক্ষার্থীরা দ্রুততম সময়ে পরীক্ষা শুরু এবং বিষয়ভিত্তিক পরীক্ষার মধ্যে যৌক্তিক বিরতি রেখে নতুন রুটিন প্রণয়নের দাবি জানান।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, চেয়ারম্যান শিক্ষার্থীদের স্মারকলিপি গ্রহণ করেছেন এবং সোমবার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করার আশ্বাস দিয়েছেন।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ ও সরকারি সিটি কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিনিধিরা কয়েকটি দাবি নিয়ে এসেছিলেন। চেয়ারম্যান তাদের স্মারকলিপি গ্রহণ করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের পরীক্ষার্থী এস এম নাজিফ নূর, মোহাম্মদ জাঈদুল কবির, মারুফ হোসেন তাসিন, মো. মাহতাবুর রহমান, শাদমান করিম ও মো. হাসিবুল মজিদ অয়ন, সরকারি সিটি কলেজের মো. জায়েদ চৌধুরী, মো. রইস জামাল ওয়াফি ও তৌসিফ মাহমুদ এবং ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শাহরিয়ার হাশিমসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।