চট্টগ্রাম নগরের চকবাজারে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেটের (ডিডিএন) কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের ঘটনায় অন্যতম অভিযুক্ত মাইকেলসহ আরও ৯ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। এ সময় হামলায় ব্যবহৃত চারটি দেশীয় অস্ত্রও জব্দ করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন এ তথ্য জানান।
র্যাব জানায়, গ্রেপ্তারদের মধ্যে মাইকেল, তুহিন ও আকবর হোসেন হবিগঞ্জের নবীগঞ্জ ও বানিয়াচং উপজেলার বাসিন্দা। এছাড়া আব্দুল মুমিন, মাসাদ মিয়া, দিদার মিয়া, সানজাত হাসান ও সৈরত হোসেন হবিগঞ্জের বিভিন্ন এলাকার এবং সাইফুদ্দিন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা।
এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, গত ১১ জুলাই ডিজিটাল ডট নেটের স্বত্বাধিকারী আদিল বিন মামুনের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে ‘ডেভিড-ইমন’ পরিচয়ধারী এক ব্যক্তি এককালীন দুই কোটি টাকা এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানো হলে ১৩ জুলাই দুপুরে ৩০ থেকে ৪০ জনের একটি দল প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা চালায়।
তিনি জানান, হামলাকারীরা অফিসের আসবাবপত্র, কম্পিউটার, সার্ভার মনিটর ও ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে। পাশাপাশি কর্মচারীদের বেতন বাবদ রাখা ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপক বাদী হয়ে চকবাজার থানায় অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা করেন। মামলার তদন্তের অংশ হিসেবে শনিবার (১৮ জুলাই) চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে হামলায় ব্যবহৃত চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এর আগে একই ঘটনায় গত ১৫ জুলাই পুলিশ আরও আটজনকে গ্রেপ্তার করেছিল। তদন্তের স্বার্থে ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।


