পচনশীল পণ্য দ্রুত নিষ্পত্তিতে ই-নিলামের নির্দেশ

0

চট্টগ্রাম কাস্টমস হাউসে পড়ে থাকা নিলামযোগ্য পচনশীল পণ্য দ্রুত নিষ্পত্তিতে ই-নিলামের মাধ্যমে প্রকাশ্য নিলামে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। পণ্য নষ্ট হওয়ার আগেই বিক্রি করে রাজস্ব আদায় ও বন্দরের পণ্যজট কমানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) চট্টগ্রাম কাস্টমস হাউসের নিলাম বিভাগ থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। কাস্টমস হাউসের কমিশনার (চলতি দায়িত্ব) মুহা. মাহবুবুর রহমান এতে স্বাক্ষর করেন।

আদেশে বলা হয়েছে, নিলাম কার্যক্রমে গতি আনা, রাজস্ব আহরণ বৃদ্ধি, পণ্যজট নিরসন এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে পচনশীল পণ্য দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন। তাই আইন ও বিধি অনুসরণ করে এসব পণ্য ই-নিলামের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করতে হবে।

চট্টগ্রাম কাস্টমসের নিলামযোগ্য যেসব পণ্যচালানের ক্ষেত্রে আইন, আদালত বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বাধা নেই, সেগুলো ই-নিলামে তোলা যাবে। তবে আদালতের স্থগিতাদেশ বা স্পষ্ট আইনগত নিষেধাজ্ঞা থাকলে কোনো পণ্য নিলামে দেওয়া যাবে না।

নিলামের আগে পণ্যের আইনগত অবস্থা, ধরন, পরিমাণ, ইনভেন্টরি ও প্রয়োজনীয় পরীক্ষার প্রতিবেদন যাচাই করতে হবে। পচনশীল পণ্যের দ্রুত অবনতির বিষয়টি বিবেচনায় নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে নিলাম শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

কাস্টমসের অ্যাসিস্ট্যান্ট কমিশনার নাজমুল হোসেন বলেন, “পচনশীল পণ্য দ্রুত নষ্ট হয়ে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে আইন ও বিধি মেনে দ্রুত নিষ্পত্তির জন্য ই-নিলামের উদ্যোগ নেওয়া হয়েছে। আদালতের কোনো নিষেধাজ্ঞা বা আইনগত বাধা থাকলে এসব পণ্য ই-নিলামে তোলা হবে না।”

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।