পাহাড়ের ৩শ ফুট উঁচুতে সুপেয় পানির ব্যবস্থা করল সেনাবাহিনী

রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাঙ্গামুড়া হকপাড়া এলাকায় পাহাড়ের প্রায় ৩শ ফুট উঁচুতে বসবাসকারী মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (৩০ মার্চ) বিকেলে লংগদু জোনের তত্ত্বাবধানে একটি সোলার ডিপ টিউবওয়েল স্থাপন ও উদ্বোধন করা হয়।

লংগদু জোন কমান্ডার লে. কর্নেল মীর মোর্শেদের সার্বিক দিকনির্দেশনায় মেজর আল জাকারিয়া জন আনুষ্ঠানিকভাবে ডিপ টিউবওয়েলটির উদ্বোধন করেন।

এই ডিপ টিউবওয়েল স্থাপনের ফলে এলাকার প্রায় অর্ধশতাধিক পাহাড়ি ও বাঙালি পরিবার বিশুদ্ধ পানির সুবিধা পাবে। এতে স্থানীয়দের দীর্ঘদিনের পানি সংকট দূর হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষা ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

উদ্বোধন অনুষ্ঠানে মেজর আল জাকারিয়া জন বলেন, সঠিকভাবে পানি ব্যবহার এবং টিউবওয়েলের রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে স্থানীয়দের সচেতন হতে হবে। তিনি আরও জানান, সেনাবাহিনী সবসময়ই স্থানীয় জনগণের কল্যাণ, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

মন্তব্য নেওয়া বন্ধ।