পুরোনো বেইলি সেতুতেই ঝুঁকিপূর্ণ পাহাড়ি যোগাযোগ

0

বান্দরবানের সাত উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে থাকা ৯৩টি বেইলি সেতুর মধ্যে ৪০টি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এসব সেতুর পাটাতন ও বিভিন্ন অংশ জরাজীর্ণ হয়ে পড়েছে। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়েই এসব সেতু পার হচ্ছে ট্রাক, বাস, মোটরসাইকেল ও পর্যটকবাহী যান।

বিশেষ করে রুমা, থানচি ও রোয়াংছড়ি সড়কের বেইলি সেতুগুলো নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বেশি। বর্ষাকালে সেতুতে পানি ও কাদা জমে মোটরসাইকেল চলাচল আরও বিপজ্জনক হয়ে ওঠে। ভারী যানবাহন পার হওয়ার সময়ও চালকদের বাড়তি সতর্ক থাকতে হচ্ছে।

সড়ক ও জনপথ বিভাগের তথ্য অনুযায়ী, এসব বেইলি সেতুর অনেকগুলো ১৯৮২-৮৩ সালের দিকে নির্মাণ করা হয়েছিল। দীর্ঘ সময় ব্যবহারের পাশাপাশি নিয়মিত সংস্কারের অভাবে সেতুগুলোর স্থায়িত্ব কমে এসেছে।

বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাখায়াত হোসেন জানিয়েছেন, বিশ্বব্যাংকের অর্থায়নে প্রথম ধাপে ২০টি বেইলি সেতুর কাজ করার পরিকল্পনা রয়েছে। বাকি ঝুঁকিপূর্ণ সেতুগুলোর জন্যও প্রকল্প গ্রহণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এর আগে ঝুঁকিপূর্ণ বেইলি সেতু ভেঙে দুর্ঘটনার ঘটনাও ঘটেছে। গত ১০ জুলাই বান্দরবান-রাঙামাটি সড়কের শিলক খালের ওপর একটি ৯৩ মিটার দীর্ঘ বেইলি সেতুর প্রায় ৩০ মিটার অংশ ভেঙে পড়ে। এতে বান্দরবানের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ ১৩ দিন বন্ধ ছিল।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।