দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো চট্টগ্রামের ফটিকছড়িতে বিভিন্ন ধরনের পশু, পাখি, প্রযুক্তি ও পণ্য প্রদর্শনীর মাধ্যমে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণ থেকে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি কয়েকটি গুরুত্বর্পূণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দপ্তরে এসে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়। পরে অতিথিদের প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীতে স্থানপ্রাপ্ত স্টলগুলো পরিদর্শন করে আলোচনা সভায় মিলিত হন। সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুল মমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবসার চৌধুরী, উপজেলা সমবায় কর্মকর্তা এম এ শহিদ ভূঁঞা, মহিলাবিষয়ক কর্মকর্তা মোঃ শফি উল্লাহ্, মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল আজিজ, উপজেলা আনসার ও ভিডিভি কর্মকর্তা আরজিনা বেগম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. নাজিমুদ্দিন, সহকারী সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আমিন উল্যাহ প্রমুখ।
ডা. মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন- ফটিকছড়ি ডেইরী এসোসেশনের সভাপতি মো. আমান উল্লাহ্। প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীতে মোট ২৭টি স্টল স্থান পেয়েছে। সপ্তাহব্যাপী এ প্রদর্শনীতে রয়েছে নানা আনুষ্ঠানিকতা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুল মমিন বলেন, এই সপ্তাহের উদ্দেশ্য হলো দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিত করা। এই উদ্যোগে দেশীয় জাতের পশুপালন এবং আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে প্রাণিসম্পদ খাতের উৎপাদন বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নের উপর জোর দেওয়া হচ্ছে।



মন্তব্য নেওয়া বন্ধ।