বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে জেলেসহ আহত ১৩

বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে জলদস্যুদের হামলায় চট্টগ্রামের আনোয়ারার মনির আহমদ মাঝি (৫৬) নামে এক জেলে গুলিবিদ্ধ ও ১২ জেলে আহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গভীর রাতে বঙ্গোপসাগরের কুতুবদিয়ার পশ্চিম অংশে এ ঘটনা ঘটে। হামলারপর বুধবার সকালে নিরাপদে ফেরার পর তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মাছ ধরার ফিশিং বোটের মাঝিরা জানান, গত সোমবার ভোরে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা এলাকার মো. তৈয়ব আলী, মো. ফেরদৌস ও জসিম উদ্দিন কোম্পানির মালিকানাধীন তিনটি মাছধরার ফিশিং বোট বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। প্রতিটি বোটে ১২ জন করে ৩৬ জন মাঝিমাল্লা ছিল। মঙ্গলবার গভীর রাতে বঙ্গোপসাগরের কুতুবদিয়ার পশ্চিম অংশে জলদস্যুরা অস্ত্র নিয়ে হামলা করে। প্রাণ রক্ষায় মাঝিমাল্লারা পালাতে চাইলে জলদস্যুরা গুলি করে বোটের নিয়ন্ত্রণ নেয়। গুলিতে জসিম উদ্দিনের মালিকানাধীন এফভি নাজিম উদ্দিন ফিশিং বোটের মাঝি মনির আহমদ গুলিবিদ্ধ হয় এবং তিনটি বোটের ১২ জন গুরুতর আহত হয়। এস ময় জলদস্যুরা বোটের মালামালও নিয়ে যায়।

আহতরা হলেন, জাব্বার ড্রাইভার, ফরিদ, মিজান, মনির, জয়নাল আবেদীন, আকবর হোসেন, রুবেল। অপরজনদের নাম পাওয়া যায়নি। আহত গুলিবিদ্ধ মনির চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিরা চট্টগ্রাম শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তাদের স্বজনরা।

এফভি নাজিমের মালিক জসিম উদ্দিন বলেন, জলদস্যুদের হামলায় আমার বোটের মাঝি মনির আহমদ গুলিবিদ্ধ হয়েছে। এসময় আরও ৭ জন আহত হয়। প্রায় ৩ লাখ টাকার মালামাল নিয়ে যায় জলদস্যুরা। তিনি বলেন, হামলার শিকার দুইটি বোট উপকূলে ফিরেছে অপর একটি আসার পথে রয়েছে। প্রতিটি বোটে হামলা ও লুটপাট চালিয়ে মাঝিমাল্লাদের মারধরও করে জলদস্যুরা। তিনটি বোটে ১০ লাখ টাকার মালামাল লুট করে।

আনোয়ারার বার আউলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ কায়ছার হামিদ বলেন, বুধবার সকালে ঘটনাটি জানারপর নৌ-পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। তাদের নিরাপত্তায় সাগরে টহল জোরদারসহ পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মন্তব্য নেওয়া বন্ধ।