চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৪ জন। বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে নিহত একজনের নাম খাদেজা আক্তার (১৬)। তিনি জাহেদিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী। নিহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ইমাম উদ্দিন চৌধুরী বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা সড়ক পারপারের সময় এই দুর্ঘটনা ঘটে। আমি অল্পের জন্য রক্ষা পাই। সিএনজি গাড়িটি সড়কে দাড়িয়ে ছিলো। নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাকটি ধাক্কা দিয়ে পুকুর পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নিহতের মরদেহ উদ্ধার করে।
মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার হাদিম হায়দার চৌধুরী জানান, দুর্ঘটনার পর থেকে পুলিশের টিম কাজ করছে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হচ্ছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



মন্তব্য নেওয়া বন্ধ।