রাউজানে বিএনপি কর্মীর বাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রামের রাউজানে ভোটের আগের দিন প্রবাসী বিএনপির এক কর্মীর বাড়ি লক্ষ্য করে একদল অস্ত্রধারীর গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে উপজেলার কদলপুর ইউনিয়নের শমসেরপাড়া গ্রামে সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী রুস্তম আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে হঠাৎ ১০ থেকে ১২ অস্ত্রধারী শমসেরপাড়া গ্রামে রুস্তম আলীর বাড়ি লক্ষ্য করে কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে এবং গালাগাল করে চলে যায়। পরে খবর পেয়ে প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে যান।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, প্রবাসীর বাড়িতে গুলির খবর পেয়ে তাঁরা সেনাবাহিনীসহ ঘটনাস্থলে যান। কী কারণে গুলি ছোড়া হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সেটিও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।