রামগড়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করল বিজিবি

খাগড়াছড়ির রামগড় সীমান্তে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার জোন সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সন্ধ্যা ৬টার দিকে রামগড় ব্যাটালিয়নের অধীন ছোট ফরিংগা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ছোট ফরিংগা সীমান্তের পিলার ২২০৩/২-আরবি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তালতলা এলাকায় টহল দল ফাঁদ পেতে অবস্থান নেয়। এ সময় ভারত থেকে তিনজন চোরাকারবারী বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। টহলদল তাদের চ্যালেঞ্জ করলে তারা সঙ্গে থাকা তিনটি বস্তা ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে বস্তাগুলো তল্লাশি করে ১৫টি ছোট প্যাকেটে মোট ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিজিবির সদর দপ্তরে জমা দেওয়া হয়েছে।

রামগড় ৪৩ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান দমন এবং মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বিজিবি ২৪ ঘণ্টা কাজ করছে। পাশাপাশি মাদক পাচার, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

মন্তব্য নেওয়া বন্ধ।