পাহাড়ে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে পার্বত্য জেলা রাঙামাটির লংগদুর সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বুধবার (৯ জুলাই) দুপুরের পর থেকে দীঘিনালা-লংগদু সড়কের হেড কোয়ার্টার এলাকায় সড়ক ডুবে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
গত দুইদিনের ভারী ও অতি বর্ষণের ফলে মাইনী নদীর পানি বৃদ্ধি পেয়ে পাহাড়ের এ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে করে তলিয়েছে লংগদুর লেমুছড়ি, ডাঙ্গাবাজারের বিভিন্ন এলাকা এবং খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ছোট মেরুং, লম্বাছড়া এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে নদীর দু’তীরের ফসলী জমি প্লাবিত হতে থাকে। এদিকে দীঘিনালা-লংগদু সড়কে পানি বৃদ্ধি পাওয়ায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ইতিমধ্যে মেরুং ইউনিয়ন এবং কবাখালি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দি হয়েছে। প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ২১ টি আশ্রয়কেন্দ্র খোলে বন্যা কবলিতদের সহযোগিতার প্রস্তুতি নিয়েছে।
লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিল উদ্দিন মাহমুদ বলেন, পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। প্রশাসন দুর্যোগ মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুত রয়েছে। তবে এসময়ে সকলের সর্তকর্তা ও সচেতনতা জরুরি।
এদিকে টানা বর্ষণ অব্যাহত থাকলে পাহাড় ধসের শঙ্কা করছেন সংশ্লিষ্টরা।



মন্তব্য নেওয়া বন্ধ।