ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের আরও ৪টি ফ্লাইট বাতিল হয়েছে।
রোববার (১৫ মার্চ) এ তথ্য জানিয়েছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।
তিনি জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার প্রেক্ষিতে দুবাই, আবুধাবি, শারজাহর এয়ারফিল্ড এখনো সীমিত পরিসরে বন্ধ রয়েছে। সেই সাথে দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ।
তাই আজ চারটি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের শারজাহর ১টি অ্যারাইভাল ফ্লাইট ও আবুধাবিগামী ১টি ডিপার্চার ফ্লাইট এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের দুবাইয়ের ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট।
বিভিন্ন এয়ারলাইনসের যাত্রীবাহী মধ্যপ্রাচ্য থেকে ৯টি অ্যারাইভাল ফ্লাইট ও ৬টি ডিপার্চার ফ্লাইট আজ সচল ছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই থেকে চট্টগ্রামের ফ্লাইটগুলো প্রায় অনেকটা স্বাভাবিক হয়ে আসছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার মধ্যে শাহ আমানত বিমানবন্দরের ১২০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।



মন্তব্য নেওয়া বন্ধ।