শিক্ষাবিদ মো. আবদুল মোতালেব মাস্টারের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রামের আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় এবং কর্ণফুলী উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, শিলাইগড়া রহিমিয়া ফোরকানিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মাস্টার মো. আবদুল মোতালেবের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল প্রফেসর মো: মকছুদর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী।

মাস্টার এম এ মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা রাখেন লেখক, গবেষক ও সাংবাদিক জামাল উদ্দিন, রাজনীতিবিদ আখতারুন্নবী চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আইউব খান রফিক, আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন, আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সজল দত্ত, মাস্টার এম এ মোতালেব স্মৃতি সংসদের প্রাক্তন সভাপতি মাস্টার সৈয়দুল হক চৌধুরী, আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক স্বপুর কান্তি মহাজন,
মরহুমের বড় মেয়ের জামাতা কলামিস্ট মুহাম্মদ মুসা খান, আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মহিদুল ইসলাম চৌধুরী, প্রাক্তন ছাত্র মো. মুজিবুর রহমান চৌধুরী, রতন চৌধুরী, লোকমান চৌধুরী, কৃষিবিদ সুকুমার শীল প্রমুখ।

সংগঠনের আহবায়ক রিয়াদ উদ্দিন চৌধুরী কাইয়ুমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি প্রফেসর প্রদীপ চক্রবর্তী মরহুম আবদুল মোতালেব মাস্টারের বর্ণাঢ্য কর্মজীবন, শিক্ষা বিস্তারে তাঁর অবদান ও সমাজ গঠনে তাঁর অনন্য ভূমিকা স্মরণ করে বলেন, মাস্টার এম এ মোতালেব একজন অসাম্প্রদায়িক মানুষ ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের নিজ বাড়ীতে জীবনের ঝুঁকি নিয়ে আশ্রয় দিয়েছেন। শিলাইগড়াবাসীদের আশ্রয় না পেলে সেদিন হয়তো আমরা বাঁচতে পারতাম না।

সাংবাদিক, গবেষক জামাল উদ্দিন বলেন, মরহুম মাস্টার আবদুল মোতালেব একজন সমাজসেবক ও শিক্ষার্থী বান্ধব শিক্ষক ছিলেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।

রাজনীতিক আখতারুন নবী চৌধুরী মরহুম মোতালেব মাস্টারের মতো নির্লোভ শিক্ষক এই যুগে বিরল। তিনি প্রতিবছর স্মরণ সভার আয়োজনের পরামর্শ দেন।

কলামিস্ট মো. মুসা খান তাঁর বক্তৃতায় আনোয়ারা উচ্চ বিদ্যালয়ের একটি ভবন অথবা একটি কক্ষ (যেমন বিজ্ঞানাগার বা লাইব্রেরি) মরহুম মাস্টার আবদুল মোতালেবের নামে নামকরণের অনুরোধ জানান।

স্মরণ সভায় বক্তারা, শিক্ষা ও মানবিক মূল্যবোধে আলোকিত মানুষ গড়ে তুলতে নিবেদিত প্রাণ এই শিক্ষাবিদের পদাংক অনুসরণের উপর গুরুত্বারোপ করেন। সভায় মরহুম মাস্টার আবদুল মোতালেবের প্রতি শ্রদ্ধা জানাতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। স্মরণ সভায় দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আবদুস সালাম সিদ্দিকী শেষে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।