নির্বাচন উপলক্ষে সীমান্ত নিরাপত্তা জোরদারসহ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অবাধ ভোটগ্রহণ নিশ্চিত করতে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রাঙামাটি সংসদীয় আসনের ২১৩টি ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৩৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাঙামাটির বরকল উপজেলার সীমান্তবর্তী ছোট হরিণা ব্যাটালিয়ন বিজিবি মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ছোট হরিণা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরুল কায়েস মেহেদী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন হরিণা জোনের ক্যাপ্টেন আসিফুর রহমান, সহকারী পরিচালক মো. মাসুদ রানা, স্থানীয় হেডম্যান, কার্বারি ও জনপ্রতিনিধিরা।
লিখিত বক্তব্যে জানানো হয়, রাঙামাটি জেলার রাজনগর (৩৭ বিজিবি) ব্যাটালিয়নের অধীনে ১২ প্লাটুন, কাপ্তাই (৪১ বিজিবি) ব্যাটালিয়নের অধীনে ২০ প্লাটুন এবং বরকল (৪৫ বিজিবি) ব্যাটালিয়নের অধীনে ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
নির্বাচনকালীন সময়ে সীমান্ত দিয়ে যেন কোনো দুষ্কৃতকারী চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সে জন্য সীমান্ত এলাকায় অতিরিক্ত সতর্কতা ও নজরদারি বাড়ানো হয়েছে বলে জানানো হয়।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিজিবি সদস্যদের ১২ সপ্তাহের মৌলিক প্রশিক্ষণ, ড্রোন পরিচালনা প্রশিক্ষণ, নির্বাচনী মহড়া এবং পরিস্থিতি মোকাবেলায় অমারণঘাতী অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ১২ শটগান অস্ত্রের ওপর প্রশিক্ষণ ও ফায়ারিং কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
এছাড়াও রাঙামাটি সেক্টরের অধীনে রাঙামাটি, রাউজান ও রাঙ্গুনিয়া এই তিনটি আসনে নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপত্তা ও ভোটাধিকার সুরক্ষায় মোট ৩৬৭টি ভোটকেন্দ্রে ৪৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনিয়ম, সহিংসতা ও অপরাধ দমনে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং জনগণের নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিত করতে দিন-রাত কাজ করে যাচ্ছে।



মন্তব্য নেওয়া বন্ধ।