চট্টগ্রামের আনোয়ারায় বঁটি হাতে নিজের মাকে মারধরের ঘটনায় মো. জাবেদুল ইসলাম জাবেদ (১৭) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া এলাকার নিজের বসতঘর থেকে তাকে আটক করে পুলিশ।
আটককৃত তরুণ ওই এলাকার মৃত ইয়াকুবের ছেলে। গতকাল রাতে নিজের মাকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই তরুণ অনলাইন গেমে আসক্ত বলে পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন।
স্বজন ও স্থানীয়রা জানান, গ্রেপ্তারকৃত জাবেদের পিতা স্থানীয় দোকানে নিরাপত্তা প্রহরীর কাজ করত। ইয়াকুবের সংসারে স্ত্রী ২ মেয়ে ও জাবেদ পরিবারের একমাত্র পুত্র সন্তান। ২০১৯ সালের দিকে ডাকাতরা ইয়াকুবকে নির্মমভাবে হত্যা করে। পরে ঘটনাস্থল থেকে নিহতের স্ত্রী ও ছেলে জাবেদসহ স্থানীয়রা লাশ উদ্ধার। পিতা হারা সংসারে গত ৬ বছর ধরে অভাবে কাটছে দিন। টাকার অভাবে সে লেখাপড়াও করতে পারেনি। অভাবের সংসারে ছেলে জাবেদ এক ধরণের মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। স্থানীয় এলাকাবাসীর সহায়তায় দুই মেয়েকে বিয়ে দেওয়ার পর তাদের মা-ও মানসিকভাবে ভেঙে পড়ে।

জাবেদের চাচা মোহাম্মদ খোকন বলেন, বাবার মৃত্যু আর অভাবের কারণে মা-ছেলে দুইজনই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। জাবেদ মোবাইলে ভিডিও গেমে আসক্ত ছিল। মোবাইলে ইন্টারনেট ঢুকানোর টাকার জন্য মাকে মারধর করে। তবে ছেলেটা বাহিরের কারও সাথে কখনও খারাপ আচরণ করেনি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, সে অনলাইন ভিডিও গেমে আসক্ত ছিল। তার মায়ের অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


