চট্টগ্রামের আনোয়ারার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের পুত্র আখতার হোসেন (৪০)কে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরে কর্ণফুলী থানাধীন উত্তর বন্দর এলাকার তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
সেনাবাহিনী সূত্র জানায়, আনোয়ারা দায়িত্বরত সেনা ক্যাম্প ও কর্ণফুলী থানার যৌথ অভিযানে তার নিজ বাড়ির গোপন কক্ষ থেকে আখতারকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন কাউসার।
এ সময় তার কাছ থেকে একটি নকল পিস্তল, ১২ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, ৩টি সামরিক গ্রেডের ওয়াকিটকি সেট, ৩টি সামরিক গ্রেডের কম্পাস, ২১টি মোবাইল ফোন, ৯৫টি সিম কার্ড, পেনড্রাইভ, মেমোরি কার্ড ও ১৮টি দেশীয় অস্ত্রসহ নির্যাতনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয় বলে জানান সেনাবাহিনীর আনোয়ারার সিইউএফএল অস্থায়ী ক্যাম্প।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ বলেন, ‘গ্রেপ্তারকৃত আখতারকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।’



মন্তব্য নেওয়া বন্ধ।