সীতাকুণ্ডে মাইক্রোবাসের ধাক্কায় আহত যুবকের মৃত্যু

0

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় চারদিন পর মারা গেছেন।

নিহত ইয়াছিন আরাফাত রনি (৩০) ভাটিয়ারী ইউনিয়নের তুলাতুলি গ্রামের লাল মিয়া সারেং বাড়ির বাসিন্দা। তিনি মৃত মোহাম্মদ ইসলাম (ইসলাম ফকির)-এর ছেলে।

রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই বিকেল ৪টার দিকে ফৌজদারহাটের জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া গতির মাইক্রোবাস রনিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চারদিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

পরিবারের সদস্যরা জানান, রনি একটি শিপইয়ার্ডে দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করতেন।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় আহত ওই যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি নিয়ে চালক পালিয়ে যাওয়ায় তাকে এখনো আটক করা সম্ভব হয়নি। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।