চবিতে শাটল ট্রেনে পাথর নিক্ষেপে ছাত্রী রক্তাক্ত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের বাহন শাটল ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে এক ছাত্রী আহত হয়েছেন। পাথরের আঘাতে ওই ছাত্রীর নাক ও ঠোঁট কেটেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নগরের ক্যান্টনমেন্ট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ছাত্রীর নাম ইমু মনি জ্যোতি। তিনি নগরের পতেঙ্গা এলাকার বাসিন্দা ও বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্রী।

জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে নগরের ষোলশহর রেলওয়ে স্টেশন থেকে ক্যাম্পাসে যাওয়া যাওয়া শাটল ট্রেনে উঠেছিলেন ইমু। ট্রেনটি ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে হঠাৎ বাইরে থেকে একটি পাথর এসে তার নাকে লাগে। এতে তার নাকের নিচ থেকে ঠোঁট পর্যন্ত কেটে যায়।

ঘটনার পর শাটল ট্রেনে থাকা তার সহপাঠীরা দ্রুত এগিয়ে এসে রক্ত বন্ধ করার চেষ্টা করেন। পরে তাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকেরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ইমুর সঙ্গে থাকা তার সহপাঠী আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী তাওহীদুল ইসলাম বলেন, ইমুর ঠোঁটের ওপরের দিকে চারটি সেলাই লেগেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় নেওয়া হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব বলেন, সাড়ে ১২টার দিকে একজন ছাত্রীকে আনা হয়েছিল। পাথর লাগার কারণে তার নাকের নিচ থেকে ঠোঁট পর্যন্ত কেটে গেছে। ক্ষতটি তুলনামূলকভাবে গভীর হওয়ায় আমরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক মো. বজলুর রহমান বলেন, আমি বিষয়টি শুনেছি। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, আমরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

মন্তব্য নেওয়া বন্ধ।