পরকালের পাড়ি দিলেন চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী নেতা মোয়াজ্জেম হোসেন

চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবী ও ব্যবসায়ী নেতা মোয়াজ্জেম হোসেন আর নেই। বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মোয়াজ্জেম হোসেন তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে ব্যবসা-বাণিজ্য, সমাজ উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সততা, নেতৃত্বগুণ ও উদার মানসিকতার জন্য তিনি ব্যবসায়ী মহলে বিশেষভাবে সম্মানিত ছিলেন।

তিনি প্রয়াত সায়েদুর রহমানের পুত্র। সায়েদুর রহমান মীরসরাই ও সীতাকুণ্ড আসন থেকে প্রাদেশিক পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মোয়াজ্জেম হোসেন নিজেও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি সায়মান হোটেলের সহ-প্রতিষ্ঠাতা, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের পরিচালক এবং এস রহমান ট্রাস্টের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন। এছাড়া তাঁর জ্যেষ্ঠ ভ্রাতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিভিন্ন সমাজসেবামূলক উদ্যোগে তিনি পরামর্শ দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টায় চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাদ যোহর মীরসরাই মহাজনহাট কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে দেশের শিল্প ও ব্যবসায়িক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য নেওয়া বন্ধ।