চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার

0

ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য মো. আফতাব মজুমদারকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) এনসিপি চট্টগ্রাম মহানগর কমিটির দপ্তর থেকে জারি করা এক সাংগঠনিক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, দলের নীতি, আদর্শ ও শৃঙ্খলা সমুন্নত রাখা প্রত্যেক সদস্যের দায়িত্ব। কিন্তু মো. আফতাব মজুমদারের বিরুদ্ধে সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার গুরুতর অভিযোগ ওঠায় দলীয় গঠনতন্ত্র ও প্রযোজ্য সাংগঠনিক বিধান অনুযায়ী তাকে চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এতে আরও বলা হয়, চট্টগ্রাম মহানগর কমিটির জরুরি সিদ্ধান্তের পর আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশক্রমে এ বহিষ্কারাদেশ জারি করা হয়েছে। ২৩ জুলাই থেকে এ আদেশ কার্যকর হয়েছে। এর ফলে দলের কোনো সাংগঠনিক কার্যক্রম, সিদ্ধান্ত বা পরিচয়ের সঙ্গে আফতাব মজুমদারের আর কোনো সম্পর্ক থাকবে না।

এর আগে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় বুধবার (২২ জুলাই) রাতে নগরের হালিশহর বিডিআর মাঠ এলাকা থেকে আফতাব মজুমদারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।