চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বজ্রপাতে মোহাম্মদ ফিরোজ (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের পূর্ব শীলকূপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ফিরোজ পূর্ব শীলকূপ ইসমাইল সিকদার পাড়ার বাসিন্দা এবং মৃত এয়াকুব আলীর ছেলে। সকালে নিজের কাঁকরোল ক্ষেতে ফুল লাগানোর সময় বজ্রপাত শুরু হয়। বৃষ্টিপাত শুরুর আগেই আকস্মিক বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এক আত্মীয় জানান, নিহতের শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বজ্রপাতের প্রচণ্ড শব্দে ভয়ে তিনি মারা গেছেন। পরে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, নিহতের পরিবারকে সহায়তার উদ্যোগ নেওয়া হবে।



মন্তব্য নেওয়া বন্ধ।