চট্টগ্রামে বিপুল উৎসাহ, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার নগরীর বিভিন্ন ঈদগাহ, মসজিদ ও খোলা স্থানে সকাল থেকেই ঈদের জামাতে মুসল্লিদের ঢল নামে।
সকালে নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই জামাতে সাধারণ মুসল্লিদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি–পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। জামাত শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
ঈদের নামাজ শেষে দেওয়া শুভেচ্ছা বক্তব্যে মেয়র বলেন, ঈদুল আযহা ত্যাগ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। এই শিক্ষাকে সমাজে বাস্তবায়ন করে বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক সমাজ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, কোরবানির মাধ্যমে সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট অনুধাবনের সুযোগ তৈরি হয়। এই উপলব্ধিকে কাজে লাগিয়ে সামাজিক ঐক্য ও ভ্রাতৃত্ব আরও শক্তিশালী করা প্রয়োজন।
দিনব্যাপী কোরবানির পশু জবাই, আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ ও সামাজিক মিলনমেলায় ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে পুরো নগরজুড়ে।


