চট্টগ্রাম সমুদ্র বন্দরের বহির্নোঙরে অবস্থানরত জ্বালানি তেলবাহী বাণিজ্যিক জাহাজ এমটি মেঘনা ট্রেডার্স-এর ইঞ্জিন রুমে লাগা আগুন সাড়ে চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
এর আগে সকাল সাড়ে ৭টার দিকে পারকি বিচ সংলগ্ন আউটার অ্যাংকরেজের চার্লি পয়েন্টে নোঙর করা অবস্থায় জাহাজটির ইঞ্জিন রুমে অগ্নিকাণ্ড ঘটে।
ঘটনার পরপরই ইঞ্জিন রুম থেকে ক্রুদের দ্রুত সরিয়ে নেওয়া হয় এবং জাহাজে কার্বন ডাই-অক্সাইড ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করা হয়। পরে চট্টগ্রাম বন্দরের টাগবোট কাণ্ডারি-৩ ও কাণ্ডারি-১১, বাংলাদেশ নৌবাহিনীর টাগবোট বিএনটি সেবক এবং বাংলাদেশ কোস্ট গার্ড-এর টাগবোট প্রমত্ত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, তাদের জাহাজ শ্যামল বাংলা এবং একাধিক অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী দলও অভিযানে অংশ নেয়। এ সময় জাহাজের ২২ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়। ঘটনায় কোনো হতাহত বা নিখোঁজের তথ্য পাওয়া যায়নি।
চট্টগ্রাম বন্দরের চিফ পার্সোনেল অফিসার মো. নাসির উদ্দিন জানান, জাহাজটি ইন্দোনেশিয়া থেকে সয়াবিন তেল নিয়ে গত ২৬ মে আউটার অ্যাংকরেজে পৌঁছায়। আগুন লাগার পর সাড়ে চার ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বর্তমানে বন্দর কর্তৃপক্ষ, কোস্ট গার্ড, নৌবাহিনী এবং জাহাজের স্থানীয় এজেন্ট যৌথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।


