চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার চুনতি এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জাঙ্গালিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মহাসড়ক পার হওয়ার সময় কোনো একটি দ্রুতগামী গাড়ি ওই ব্যক্তিকে চাপা দেয়। এরপর আরও একাধিক গাড়ি চলে যাওয়ায় মরদেহটি ছিন্নভিন্ন হয়ে যায়। পরে পথচারীরা মহাসড়কের ওপর মরদেহের অংশ বিশেষ পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোহাগাড়া স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহতের পরনে একটি লুঙ্গি ছিল।
লোহাগাড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রাখাল চন্দ্র রুদ্র জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি একজন ভবঘুরে ছিলেন। রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির চাপায় তার মৃত্যু হয়। মরদেহটি উদ্ধারের পর আমরা দোহাজারী হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করেছি।



মন্তব্য নেওয়া বন্ধ।