চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পারুয়া এলাকায় গাছের শুকনো ডাল ভেঙে পড়ে নিশিত দেব (১০) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেল আনুমানিক ৩টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত নিশিত দেব উত্তর পারুয়া কালি মন্দিরপাড়া এলাকার খোকন দেবের ছোট ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে ছিল কনিষ্ঠ। তিনি উত্তর পারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, কালি মন্দিরপাড়ায় রথযাত্রা উপলক্ষে একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রসাদ গ্রহণের পর নিশিত বন্ধুদের সঙ্গে পাশের একটি মাঠে খেলতে যায়। একপর্যায়ে তারা একটি গাছের নিচে অবস্থান করছিল। এ সময় দীর্ঘদিন ধরে শুকিয়ে থাকা একটি ভারী ডাল হঠাৎ ভেঙে নিশিতের মাথা ও শরীরের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিশিতের বড় ভাই নিলয় দেব জানান, ডালটি ভেঙে পড়তে দেখে নিশিত সরে যাওয়ার চেষ্টা করেছিল। তবে তার পায়ের কাছে একটি বল থাকায় দ্রুত দৌড়ে নিরাপদ স্থানে যেতে পারেনি। মুহূর্তেই ডালটি তার ওপর পড়ে যায়।
এ দুর্ঘটনার পর রথযাত্রার অনুষ্ঠান বাতিল করা হয়। শিশুটির অকাল মৃত্যুতে উত্তর পারুয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে পুরো এলাকার পরিবেশ ভারাক্রান্ত হয়ে ওঠে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে স্থানীয়রা জানান, রাঙ্গুনিয়ার বিভিন্ন ইউনিয়নের সড়কের পাশে দীর্ঘদিন ধরে শতাধিক শুকনো ও ঝুঁকিপূর্ণ গাছ দাঁড়িয়ে রয়েছে। ঝড়-বৃষ্টি কিংবা স্বাভাবিক সময়েও এসব গাছ বা শুকনো ডাল ভেঙে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ঝুঁকিপূর্ণ গাছগুলো দ্রুত অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি উদ্যোগের দাবি জানিয়েছেন তারা।


