চট্টগ্রামে বসবাসরত লক্ষ্মীপুর জেলার মানুষের কল্যাণ, ঐক্য ও সামাজিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন লক্ষীপুর জেলা সমিতি, চট্টগ্রাম-এর নবনির্বাচিত নেতৃবৃন্দ। সংগঠনের ভাষায়, “চট্টগ্রামে বসবাসরত লক্ষ্মীপুর জেলার কৃতী সন্তানদের ভাগ্যোন্নয়নে কাজ করাই লক্ষীপুর জেলা সমিতি, চট্টগ্রামের মূল লক্ষ্য।”
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে নগরের দামপাড়ায় সমিতির কার্যালয়ে ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
সমাজসেবা অফিসের সহকারী পরিচালক এবং লক্ষীপুর জেলা সমিতির তত্ত্বাবধায়ক কমিটির আহ্বায়ক মো. শহীদুল্লাহর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ওমর ফারুক। তিনি নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ড. হারুনুর রশীদ, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মহিবুল্লাহ এবং লক্ষীপুর জেলা সমিতি, চট্টগ্রামের আজীবন সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সভাপতি মুজতবা কামাল এবং মহাসচিব রফিকুল হাসমী চৌধুরী আজমের নেতৃত্বে ২০২৬-২০২৮ মেয়াদের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, চট্টগ্রামে বসবাসরত লক্ষ্মীপুর জেলার মানুষের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং কল্যাণমূলক কর্মকাণ্ড জোরদারের বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে আগামী দুই বছরে সমিতির বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত নেতৃবৃন্দ।


