চট্টগ্রাম টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) সম্মেলন কক্ষে গ্রাম আদালত কার্যক্রমের অর্ধবার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২২ নভেম্বর) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ শরীফ উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, ইউনিয়ন পরিষদে সেবাপ্রত্যাশীদের সঙ্গে সদাচরণ নিশ্চিত করা জরুরি। কর্মকর্তাদের আরও মানবিক, মনোযোগী ও সেবামুখী হতে হবে। তিনি আরও বলেন, ছোটখাটো বিরোধ স্থানীয় পর্যায়ে নিষ্পত্তি না হলে জনগণ বারবার বিভিন্ন অফিস ও আদালতে ঘুরতে বাধ্য হয়। তাই স্থানীয় পর্যায়ে বিচারিক সেবা কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সভায় প্রকল্পের জেলা ম্যানেজার সাজেদুল আনোয়ার ভূঁঞা জানায়, জানুয়ারি থেকে অক্টোবর ২০২৫ পর্যন্ত চট্টগ্রাম জেলার ১৯১টি ইউনিয়নের গ্রাম আদালত কার্যক্রমে ইতিবাচক অগ্রগতি হয়েছে। এছাড়া কর্ণফুলী, সীতাকুণ্ড ও ছদাহা ইউনিয়নসহ বিভিন্ন উপজেলার কর্মকর্তা ও প্রশাসনিক প্রতিনিধিরা মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।
উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং প্রকল্পের উপজেলা সমন্বয়কারীগণ। জেলা প্রশাসক সেবার মানোন্নয়ন, আন্তরিকতা ও নৈতিকতা বজায় রাখার নির্দেশনা প্রদান করেন।



মন্তব্য নেওয়া বন্ধ।