তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের কাছে তিন দফা দাবি পেশ করেছে বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ (বিএএসপি)। বুধবার (১৯ আগস্ট) বেলা ১টায় তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভায় এসব দাবি তুলে ধরেন সংগঠনটির নেতারা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, স্বচ্ছ গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের আয়না। গণমাধ্যম সরকারের ভুল-ত্রুটির সমালোচনা করবে, পাশাপাশি সরকারের ভালো দিকও জনগণের সামনে তুলে ধরবে।
তিনি বলেন, কোনো মহল বা গোষ্ঠীর প্রভাবে গণমাধ্যমে সরকারের বিরুদ্ধে নেতিবাচক বার্তা প্রচার করে রাষ্ট্রকে বিভ্রান্ত করা যেন না হয়, সে বিষয়ে গণমাধ্যমকর্মীদেরও সতর্ক থাকতে হবে। স্বচ্ছ ও দায়িত্বশীল সাংবাদিকতা রাষ্ট্রকে সঠিক পথে এগিয়ে নিতে সহায়তা করে।
তথ্যমন্ত্রী আরও বলেন, গণমাধ্যমের জন্য একটি নীতিমালা থাকা অনিবার্য। এ বিষয়ে একটি নীতিমালা প্রণয়নে ইতোমধ্যে তথ্য মন্ত্রণালয় কাজ শুরু করেছে। গণমাধ্যমের সব স্তরের নেতৃবৃন্দের মতামতকে গুরুত্ব দিয়ে নীতিমালাটি চূড়ান্ত করা হবে।
বিএএসপির সভাপতি জাহাঙ্গীর হোসেন মনজুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনের মহাসচিব জাফর আহমেদ, সহসভাপতি শওকত হোসেন, গোলাম কিবরিয়া, মাহবুবুর রহমান ও শামসুল আলম খান, যুগ্ম মহাসচিব মোবিনুল ইসলাম মবিন, আমজাদ হোসেনসহ সংগঠনের নেতারা।
সভায় বক্তারা আঞ্চলিক ও স্থানীয় সংবাদপত্র টিকিয়ে রাখতে বিদ্যমান বিজ্ঞাপন নীতিমালা সংশোধনের দাবি জানান। মন্ত্রীর কাছে পেশ করা তিন দফা দাবির মধ্যে রয়েছে—
১. মিডিয়া তালিকাভুক্ত মফস্বলের পত্রিকায় সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিজ্ঞাপন সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী স্থানীয় পর্যায়ে কমপক্ষে দুটি পত্রিকায় দিতে হবে।
২. বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি কলাম ইঞ্চি বিজ্ঞাপনের হার ন্যূনতম ১ হাজার টাকা পুনর্নির্ধারণ করতে হবে।
৩. বিজ্ঞাপন প্রদানে পিপিআর ২০০৩ এবং বিজ্ঞাপন ও ক্রোড়পত্র নীতিমালা-২০০৮-এর ২ নম্বর ধারার (ঙ) উপধারা ও ৩ নম্বরে জাতীয় ও স্থানীয় পত্রিকার ক্ষেত্রে ব্যবহৃত বৈপরীত্যপূর্ণ ভাষা সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করতে হবে।


