ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় বাড়তি নজরদারি শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। সড়কে নির্মাণসামগ্রী রাখা, বাসাবাড়ির নিচের নালায় পানি জমিয়ে রাখা এবং যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার অপরাধে তিন ব্যক্তিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) নগরের কোতোয়ালি থানার পাথরঘাটার ব্রিকফিল্ড রোড ও আশরাফ আলী রোডে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌমিতা দাশ।
অভিযানকালে বিভিন্ন বাসাবাড়ির ছাদবাগান ও নির্মাণাধীন ভবন সরেজমিনে পরিদর্শন করা হয়। কোথাও পানি জমে আছে কি না, মশার প্রজননের উপযোগী পরিবেশ তৈরি হয়েছে কি না—এসব বিষয়ও তদারকি করা হয়।
এ ছাড়া সড়কে নির্মাণসামগ্রী রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং খোলা জায়গায় ময়লা-আবর্জনা ফেলার বিষয়েও নজরদারি করা হয়। এ সময় ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধনে নগরবাসীকে সচেতন করতে অভিযানের পাশাপাশি এলাকাবাসীর মধ্যে লিফলেটও বিতরণ করে চসিক।
চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বলেন, “ডেঙ্গু প্রতিরোধে নগরের বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”


