চট্টগ্রামের আনোয়ারায় কারিগরি শিক্ষার প্রসার, দক্ষ মানবসম্পদ তৈরি ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার কালাবিবি দীঘির মোড় এলাকায় স্থানীয় সাংবাদিকদের নিয়ে অবহিতকরণ ও মতবিনিময় সভার আয়োজন করে প্রতিষ্ঠানটি। এতে প্রতিষ্ঠানের অনুমোদন, শিক্ষা কার্যক্রম, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানমুখী প্রশিক্ষণের বিভিন্ন দিক তুলে ধরা হয়। সভায় আনোয়ারায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে পলিটেকনিক ইনস্টিটিউট হিসেবে কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে আনোয়ারায় মানসম্মত কারিগরি শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
প্রতিষ্ঠানটিতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রযোজ্য অনুমোদন অনুযায়ী সিভিল টেকনোলজি ও ইলেকট্রিক্যাল টেকনোলজিতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি চলছে। এ বছর এসএসসি পাস করা শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ সুযোগ। তারা এসব কোর্সে ভর্তি হয়ে প্রথম দুই বছর বিনা মূল্যে পড়াশোনার সুযোগ পাবে। আর্থিক সীমাবদ্ধতার কারণে যাতে শিক্ষার্থীরা কারিগরি শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) অধীনে প্রযোজ্য অনুমোদন অনুযায়ী বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষতা উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ ইমতিয়াজ হোসাইন বলেন, আনোয়ারার তরুণ প্রজন্মকে দক্ষ, আত্মনির্ভরশীল ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ হিসেবে গড়ে তোলার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক কর্মবাজারের উপযোগী করে তোলাই তাদের লক্ষ্য। এ উদ্যোগ বাস্তবায়নে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।


