চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ইজিবাইক ছিনতাইয়ের শিকার হওয়া এক চালকের আট দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত চালকের নাম মো. আইয়ূব আলী (৫০)। তিনি পরৈকোড়া ইউনিয়নের মৃত আবদুস ছত্তারের ছেলে। তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়েসন্তানের জনক।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল দুপুরে আনোয়ারার ছত্তারহাট বাজার থেকে তিনজন যাত্রী নিয়ে আইয়ূব আলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে যাচ্ছিলেন। পথে যাত্রীবেশী ওই তিনজন ইজিবাইকচালককে অজ্ঞান করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সড়কে ফেলে রেখে যান এবং ইজিবাইকটি নিয়ে পালিয়ে যান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। টানা আটদিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।
নিহতের ভাতিজা মোহাম্মদ শওকত বলেন, যাত্রীবেশে থাকা তিনজনই অজ্ঞান পার্টির সদস্য ছিল। তারা চালককে অচেতন করে গাড়ি নিয়ে পালিয়ে যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে একই এলাকায় ছিনতাইয়ের শিকার হয়ে আরেকজনের মৃত্যুর ঘটনাও ঘটেছিল বলে পরিবার সূত্রে জানা গেছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


