চট্টগ্রামের আনোয়ারায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন। ক্রীড়া শিক্ষক সমীর দাশের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাধব চন্দ্র বসু।
এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন, আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এরফান চৌধুরী, ক্রীড়া শিক্ষকদের মধ্যে মো. এনামুল হক, জাহাঙ্গীর আলম, জগন্নাথ দাশ, আজগর আলী, মো. হোসেন ফারুক, রাকিবুল ইসলাম, টিসু কুমার শীল, মো. শহীদুল্লাহ্, শান্তনু মজুমদার ও মোকছেদুর রহমান।
তিনদিন ব্যাপী এ প্রতিযোগিতায় উপজেলার ৩৪টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রায় ২ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। বৃহস্পতিবার ফাইনালে হ্যান্ডবল (ছাত্রী) ও কাবাডি (ছাত্রী) উভয় খেলায় চ্যাম্পিয়ন ট্রপি অর্জন করেন আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয় ও রানার-আপ আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়। হ্যান্ডবল (ছাত্র) চ্যাম্পিয়ন হাইলধর বশিরুজ্জামান স্মৃতি শিক্ষা কেন্দ্র এবং রানার-আপ পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয়।
কাবাডি (ছাত্র) চ্যাম্পিয়ন বটতলী এসএম আউলিয়া উচ্চ বিদ্যালয় এবং রানার-আপ ঝি.বা.সি উচ্চ বিদ্যালয়। এছাড়া সাঁতার ও দাবাসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।


