রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ

0

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নে তুচ্ছ বিরোধের জেরে আব্দুল মান্নান (৬২) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বেতাগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা যায়, বিয়েশাদি সংক্রান্ত একটি বিষয় নিয়ে নিহত আব্দুল মান্নানের চাচাতো ভাইয়ের সঙ্গে স্থানীয় মো. ছুফির ছেলে মোজাম্মেল (৪৫)-এর বিরোধ চলছিল। এ নিয়ে বাজারে মোজাম্মেল প্রকাশ্যে হুমকি দিলে আব্দুল মান্নান এর প্রতিবাদ করেন। পরে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিষয়টি মীমাংসা করে দিলেও অভিযোগ রয়েছে, এতে ক্ষিপ্ত হয়ে মোজাম্মেল পরে আব্দুল মান্নানের ওপর হামলা চালান। এশার নামাজে যাওয়ার পথে একটি অন্ধকার এলাকায় পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করা হয়।

গুরুতর অবস্থায় আব্দুল মান্নানকে প্রথমে রাউজানের পাহাড়তলী এলাকার একটি হাসপাতালে নেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বর্তমানে নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের ছেলে মো. মুন্না বলেন, “আমার বাবার লাশ এখনো চট্টগ্রাম মেডিকেলে রয়েছে। পোস্টমর্টেম শেষ হলে মরদেহ আমাদের গ্রামের বাড়ি বেতাগীতে নিয়ে যাওয়া হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।”

এ ঘটনায় অভিযুক্ত মোজাম্মেলের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানিয়েছেন নিহতের ছেলে মুন্নাসহ স্থানীয় স্বজনরা।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।