আনোয়ারায় ভূমি বিরোধের জেরে নিজ ঘরে আগুন দেওয়ার অভিযোগ, পুড়ল তিনটি বসতঘর

0

চট্টগ্রামের আনোয়ারায় প্রতিবেশীদের সঙ্গে ভূমি নিয়ে বিরোধের জেরে নিজ ঘরে আগুন লাগিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ তুলেছেন এলাকাবাসী। শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১০ নম্বর হাইলধর ইউনিয়নের খাসখামা গ্রামের এক নম্বর ওয়ার্ডের আলী মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে জামাল আহমদ, নজরুল ইসলাম সোনামিয়া ও আবু মনসুরের ঘর পুড়ে যায়। এতে নগদ ৭০ হাজার টাকাসহ তিন পরিবারের ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন ভুক্তভোগীরা। তবে ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে, ক্ষয়ক্ষতির পরিমাণ আড়াই লাখ টাকা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

রোববার দুপুরে ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে ও স্থানীয় এলাকাবাসী জানান, প্রতিবেশীর সঙ্গে পূর্বের জমি বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ঘায়েল করতে এবং আইনি ঝামেলায় ফেলতে নিজেদের পরিত্যক্ত ডেইরি ঘরেই সুকৌশলে আগুন ধরিয়ে দেয় এবং পরে এটিকে প্রতিপক্ষের নাশকতা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। গত শনিবার সন্ধ্যায় স্থানীয় এলাকাবাসীর পানি সুবিধার জন্য বসানো গভীর নলকূপ (ডিপ টিউবওয়েল) সংযোগও বিচ্ছিন্ন করে দেন তারা।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আবু নাঈম বলেন, প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিন ধরে জমি বিরোধ চলছিল তাদের সঙ্গে। গত শনিবারের গভীর নলকূপ (ডিপ টিউবওয়েল) সংযোগও বিচ্ছিন্ন করে দেয় তারা। এরপর রাতে প্রতিবেশীদের ঘায়েল করতে এবং আইনি ঝামেলায় ফেলতে নিজেদের পরিত্যক্ত ডেইরি ঘরেই সুকৌশলে আগুন ধরিয়ে দেয়।

এলাকাবাসীর এসব অভিযোগ অস্বীকার করে আগুনে ক্ষতিগ্রস্ত নজরুল ইসলাম ওরফে সোনা মিয়ার ছেলে মো. শোয়াইবুল ইসলাম রাকিব (২১) বলেন, আমি ঘুমিয়ে ছিলাম। হঠাৎ গরম অনুভব হওয়ায় ঘুম থেকে উঠে দেখি, আগুনের লেলীহান শিখা। বাইরে থেকেও আগুন আগুন বলে চিৎকার শুনতে পাই। এরপর ঘর থেকে বের হয়ে আর ভেতরে ঢুকতে পারিনি। আমার ঘরে টাকাসহ সব পুড়ে ছাই হয়ে গেছে।

রাকিবের অভিযোগ, আগুন লাগার আগে প্রতিবেশীরা তাদের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ নিয়ে রাতেই ৯৯৯ নম্বরে ফোন করলে আনোয়ারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সহিদুল ইসলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ দুই পক্ষকে শান্ত করে পরদিন রোববার সকাল ১১টায় থানায় গিয়ে বিষয়টি সমাধানের পরামর্শ দেয়। বৈঠকের আগে তারা আগুন ধরিয়ে দেয়। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে শনিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়। ক্ষতিগ্রস্ত তিনটি ঘরের মধ্যে একটি সেমিপাকা, একটি বেড়ার এবং অন্যটি মাটির তৈরি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে এবং বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

আনোয়ারা ফায়ার স্টেশনের লিডার মো. মুজিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। আগুনের লেলিহান শিখার মধ্যেই আমাদের কর্মীরা নির্বাপণের কাজ শুরু করেন। ৪৫ মিনিটের মধ্যে আগুন পুরোপুরি নির্বাপণ করতে সক্ষম হই। এতে আনুমানিক আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে এবং প্রায় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।’

জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘টিউবওয়েল ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের খবর আসে ৯৯৯ এ।পুলিশ রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘরে আগুন লাগার বিষয়ে আমি অবগত নই এবং কোন অভিযোগও আসেনি।’

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।