আনোয়ারায় ১১ ইউনিয়নে বিএনপির মনোনয়ন পেতে ৩৬ জনের জীবনবৃত্তান্ত জমা

0

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন পেতে ৩৬ জন সম্ভাব্য প্রার্থী জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। জনপ্রিয়তা, দলের প্রতি আনুগত্য ও সামাজিক গ্রহণযোগ্যতা যাচাই করে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে দলটি।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মুহাম্মদ হেলাল উদ্দিন।

এর আগে শনিবার রাতে উপজেলার কালাবিবি দীঘি এলাকার একটি কনভেনশন হলে সার্চ কমিটির আয়োজনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়। এ সময় প্রার্থীরা সংশ্লিষ্ট নেতাদের কাছে নিজেদের জীবনবৃত্তান্ত জমা দেন।

অনুষ্ঠানে যাচাই-বাছাই কমিটির সদস্য মাস্টার মোহাম্মদ রফিক, সরওয়ার হোসেন মাসুদ, দিল মোহাম্মদ মনজু, জাগির আহমদ ও মনছুর উদ্দিনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

জমা পড়া জীবনবৃত্তান্তের মধ্যে বৈরাগ ইউনিয়নে ৪টি, বারশত ইউনিয়নে ৫টি, রায়পুরে ২টি, বটতলীতে ৬টি, বরুমচড়ায় ১টি, বারখাইনে ১টি, আনোয়ারা সদরে ১টি, চাতরীতে ২টি, পরৈকোড়ায় ৫টি, হাইলধরে ৮টি এবং জুঁইদণ্ডীতে ১টি রয়েছে। সব মিলিয়ে ৩৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশা করছেন।

এ সময় সম্ভাব্য প্রার্থীরা দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ এবং দীর্ঘদিন ধরে নিজ নিজ ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার বিষয় তুলে ধরে দলীয় মূল্যায়নের প্রত্যাশা জানান।

দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মুহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ইউনিয়ন পরিষদে দলীয় চেয়ারম্যান প্রার্থী হতে একাধিক ব্যক্তি জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। এসব জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই শেষে জনপ্রিয়তা, দলের প্রতি আনুগত্য ও সামাজিক গ্রহণযোগ্যতা বিবেচনায় নিয়ে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।