আমিরাতে অনলাইনে গুজব ছড়ালে ৫ লাখ দিরহাম জরিমানা, ৫ বছরের কারাদণ্ড

0

সংযুক্ত আরব আমিরাতের সুনাম, মর্যাদা বা অবস্থান ক্ষুণ্ণ করা কিংবা দেশকে উপহাস করার উদ্দেশ্যে অনলাইনে সংবাদ, দৃশ্যমান বিষয়বস্তু বা গুজব প্রকাশ করলে কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে। এ ধরনের অপরাধে সর্বোচ্চ ৫ লাখ দিরহাম জরিমানা এবং পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।

সোমবার (১০ আগস্ট) খালিজ টাইমসের প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা গেছে।

দেশটিতে অনলাইনে ভুল তথ্য বা গুজব ছড়ানো, বিভ্রান্তিকর খবর প্রচার এবং কারও মানহানি করার মতো কর্মকাণ্ডকে গুরুতর অপরাধ হিসেবে দেখা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও সাম্প্রতিক সময়ে কঠোর নিয়মকানুন কার্যকর করেছে আমিরাত।

দেশটির আইন ও নিয়মকানুন অনুযায়ী সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সময় কয়েকটি বিষয়ে সতর্ক থাকার কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে—

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট, আমিরাতগুলোর শাসক কিংবা দেশের শাসনব্যবস্থার সমালোচনা বা আক্রমণ করে রাষ্ট্রের বৃহত্তর স্বার্থ ক্ষতিগ্রস্ত করে এমন বক্তব্য প্রকাশ করা।

গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেশের অর্থনৈতিক ব্যবস্থার ক্ষতি করা।

জননৈতিকতা লঙ্ঘন করে এমন মতামত প্রকাশ, অপ্রাপ্তবয়স্কদের অপমান কিংবা ধ্বংসাত্মক আদর্শ প্রচার করা।

দেশটির আদালত বা নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রমকে বিকৃতভাবে উপস্থাপন করা।

ইচ্ছাকৃতভাবে মিথ্যা সংবাদ, জাল বা বানোয়াট নথি প্রকাশ করা কিংবা সেগুলো অন্য কারও নামে প্রচার করা।

কোনো সরকারি কর্মকর্তা বা জনপ্রতিনিধির কর্মকাণ্ড নিয়ে এমনভাবে সমালোচনা করা, যা আইনের আওতায় অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

এ ছাড়া ২০২৪ সালের জুলাই থেকে আবুধাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন ও বিজ্ঞাপন-সংক্রান্ত সেবা দেওয়ার ক্ষেত্রেও নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। লাইসেন্স ছাড়া এ ধরনের কার্যক্রম পরিচালনা করলে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শাস্তির আওতায় আনার বিধান রয়েছে।

আমিরাতের আইনে রাষ্ট্রের সুনাম, মর্যাদা বা অবস্থান ক্ষুণ্ণ করা কিংবা দেশকে উপহাস করার উদ্দেশ্যে অনলাইনে কোনো তথ্য, সংবাদ, দৃশ্যমান বিষয়বস্তু বা গুজব প্রকাশ করলে সর্বোচ্চ ৫ লাখ দিরহাম জরিমানা এবং পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।