সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ উম আল কুয়াইন চেম্বার অব কমার্সের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।
রাষ্ট্রদূত তারেক আহমেদ নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে বৈঠকের তথ্য জানান।
বৈঠকে আগামী ১৫ থেকে ১৭ নভেম্বর ২০২৬ ঢাকায় অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬’-এ উম আল কুয়াইন চেম্বার অব কমার্সের পক্ষ থেকে প্রতিনিধি পাঠানোর অনুরোধ জানানো হয়। এ আয়োজনের মাধ্যমে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া উম আল কুয়াইনে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের বিষয়ও বৈঠকে তুলে ধরা হয়। দুই দেশের পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন এবং ব্যবসায়িক ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।


