চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় এক যুবককে মারধর ও হত্যার হুমকি দিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার এবং ছিনতাইয়ে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে পাঁচলাইশ থানার মমিনবাগ এলাকার নাহার ভবনের নিচতলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের সোনাডাঙ্গা থানার যাদীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নন্দীপুর এলাকার রফিজ উদ্দিন ভূঁইয়ার ছেলে রবিউল হাসান ভূঁইয়া (২৫) এবং চট্টগ্রামের রাউজান উপজেলার সুলতানপুর মাঝির ঘাটা এলাকার মৃত মহিউদ্দিনের ছেলে আদনান উদ্দিন (২৮)।
পুলিশ জানায়, গত ১৮ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকার বাগদাদ হোটেলের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জামাল উদ্দিন জিকু (২৭) অভিযোগ করেন, গাজী সারোয়ার শ্রাবণ নামে এক ব্যক্তি ফোন করে তাকে সেখানে ডেকে নেন। পরে শ্রাবণসহ আরও দুই থেকে তিনজন একটি সাদা প্রাইভেটকারে করে ঘটনাস্থলে আসেন। তারা জামালের মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় বাধা দিলে তাকে মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়। এরপর মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যান তারা।
এ ঘটনায় জামালের অভিযোগের ভিত্তিতে গত ২১ অক্টোবর বায়েজিদ বোস্তামী থানায় মামলা হয়।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, গ্রেপ্তার দুজনের কাছ থেকে ভুক্তভোগীর ব্যবহৃত সুজুকি জিক্সার এফআই ডিস্ক মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ছিনতাইয়ের কাজে ব্যবহৃত চট্টগ্রাম মেট্রো-ব-১২-১৫৮০ নম্বরের সাদা প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। মামলার ঘটনায় তাদের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।
পরে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


