আরব আমিরাতে ভিসা বাতিল: ৯৮৫ প্রবাসীর তথ্য পাঠাল দূতাবাস

0

সংযুক্ত আরব আমিরাতে ছুটি কাটাতে দেশে এসে আকস্মিকভাবে ভিসা বাতিল হওয়া প্রবাসীদের সহায়তায় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। ইতোমধ্যে ভুক্তভোগী প্রায় ২ হাজার ৫০০ প্রবাসীর আবেদনের মধ্যে যাচাই-বাছাই শেষে ৯৮৫ জনের তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাত থেকে ছুটিতে দেশে ফেরার পর সম্প্রতি বেশ কয়েকজন প্রবাসীর ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। এতে নির্ধারিত সময়ে কর্মস্থলে ফিরে যাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েন তাঁরা। বিষয়টি সমাধানে প্রবাসীরা সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।

ভুক্তভোগীদের তথ্য সংগ্রহ ও সমস্যা সমাধানে গত ৩১ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস যৌথভাবে বিশেষ উদ্যোগ নেয়। এ জন্য একটি হটলাইন নম্বর ও ই-মেইল ঠিকানা চালু করা হয়।

দূতাবাসের সর্বশেষ তথ্য অনুযায়ী, এসব মাধ্যমে প্রায় ২ হাজার ৫০০ ভুক্তভোগী প্রবাসী তাঁদের প্রয়োজনীয় তথ্য জমা দিয়েছেন। সেগুলো যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে ৯৮৫ জনের তথ্যের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে।

এই তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তালিকার ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা করা হবে।

দূতাবাস সূত্র জানিয়েছে, ভিসা বাতিলের কারণে যেসব প্রবাসী কর্মস্থলে ফিরতে পারছেন না, তাঁদের সমস্যা দ্রুত সমাধান করে আমিরাতে ফেরার সুযোগ নিশ্চিত করতে সরকার কাজ করছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।