ঈদে পর্যটক বরণে প্রস্তুত রাঙ্গামাটি, বুকিং প্রায় ৭০%

ঈদুল ফিতরের ছুটিতে পরিবার-পরিজন নিয়ে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে রাঙ্গামাটিতে পর্যটক প্রবেশে প্রস্তুতি পূর্ণ, শহরের হোটেল, মোটেল ও রিসোর্টগুলোর প্রায় ৭০ শতাংশ ইতোমধ্যে বুক করা হয়েছে।

রাঙ্গামাটির ‘সিম্বল’ খ্যাত ঝুলন্ত সেতুতে সংস্কার শেষে নতুন রঙের ছোঁয়া লেগেছে। হ্রদে ভ্রমণের জন্য বোটগুলো মেরামত ও সাজানো হয়েছে, এবং স্থানীয় নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাকের দোকানগুলোতেও নতুন ডিজাইনের সংগ্রহ স্থাপন করা হয়েছে।

মাজারী দ্বীপ রিসোর্টের পরিচালক রিকো খীসা জানান, ‘আমাদের রিসোর্টসহ জেলার অধিকাংশ রিসোর্ট প্রায় শতভাগ বুকিং হয়ে গেছে। এখন অতিথিদের আপ্যায়নের অপেক্ষায় আছি।’

ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। রাঙ্গামাটি জোনের উপ-পরিদর্শক মো. শাহ্ আলম বলেন, ‘পর্যটকরা নির্বিঘ্নে সব স্পটে ঘুরতে পারবে, এজন্য নিয়মিত টহল এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে।’

পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আশা করছেন, ঈদের দীর্ঘ ছুটিতে রাঙ্গামাটিতে লক্ষাধিক পর্যটক আসবেন, যা স্থানীয় অর্থনীতিতে প্রাণ সঞ্চার করবে।

মন্তব্য নেওয়া বন্ধ।