পটিয়ায় ২৫ কৃষককে অপহরণের অভিযোগ

0

চট্টগ্রামের পটিয়ায় পাহাড়ে কৃষিকাজ করতে গিয়ে ২০ থেকে ২৫ জন কৃষক অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অপহরণের ২৪ ঘণ্টা পর মুঠোফোনে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এরই মধ্যে দুই দফায় ৮০ হাজার টাকা বিকাশে পাঠিয়েছেন এক কৃষকের স্বজন। তবে টাকা দেওয়ার পরও তার স্বামীসহ অপহৃতদের মুক্তির কোনো খবর মেলেনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃতদের মধ্যে অন্তত ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা সবাই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ডোয়ারপাড়া ও চত্তর মার্কেট এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের মতে, মঙ্গলবার সকালে ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র দল পাহাড়ে বাগানের কাজে যাওয়া কৃষকদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তাদের পাহাড়ের গভীর এলাকায় নিয়ে যাওয়া হয়। এ সময় কয়েকজন পালিয়ে আসার চেষ্টা করলে মোহাম্মদ তাজুল নামে এক কৃষক গুরুতর আহত হন। কয়েকজন পালিয়ে আসতে সক্ষম হলেও বাকিদের হাত বেঁধে আটকে রাখা হয়েছে বলে জানা গেছে।

পালিয়ে আসা এক কৃষক জানান, তারা নিয়মিত ওই পাহাড়ি এলাকায় চাষাবাদের কাজ করেন। মঙ্গলবার সকালে কাজে যাওয়ার পথে তাদের জিম্মি করে নিয়ে যায় সশস্ত্র ব্যক্তিরা। তার ধারণা, এখনো ২০ থেকে ২৫ জন কৃষককে আটকে রাখা হয়েছে।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। বিষয়টি শুনে পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে। পুলিশের বিশেষ দল ঘটনাটি পর্যবেক্ষণ করছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।