চট্টগ্রামকেন্দ্রিক রিয়েল এস্টেট প্রতিষ্ঠান এপিক প্রপার্টিজের নতুন আবাসিক প্রকল্প ‘হালিশহর হাউজিং এস্টেট’র চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নগরীর চট্টেশ্বরী এলাকায় এপিক প্রপার্টিজের করপোরেট কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এপিক প্রপার্টিজ লিমিটেডের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, জমি মানুষের কাছে আবেগের বিষয়। ভূমিমালিকরা তাঁদের জমি ব্যবহারের সুযোগ দিয়ে সেই আবেগ ও আস্থার অংশীদার করেছেন। এতদিন দুটি পরিবারের সঙ্গে সম্পর্ক থাকলেও নতুন প্রকল্পের মাধ্যমে এপিক যুক্ত হয়ে তিনটি পরিবারের যৌথ বন্ধন তৈরি হয়েছে। ভবিষ্যতে আরও পরিবার এ প্রকল্পের সঙ্গে যুক্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, ভূমিমালিকদের দেওয়া প্রতিশ্রুতি যথাযথভাবে বাস্তবায়নে এপিক প্রপার্টিজ কাজ করবে। এ জন্য সবার দোয়া ও সহযোগিতাও কামনা করেন তিনি।
অনুষ্ঠানে ভূমিমালিকদের পক্ষে উপস্থিত ছিলেন মোহাম্মদ হুমায়ুন কবির, দিল আফরোজা বেগম ও তাঁর ওয়ারিশরা।
ভূমিমালিকরা বলেন, রিয়েল এস্টেট খাতে অনেক প্রতিষ্ঠান থাকলেও তাঁরা এপিক প্রপার্টিজের ওপর আস্থা রেখে প্রকল্পটি চূড়ান্ত করেছেন। নির্ধারিত সময়ে নির্মাণকাজ শেষ করার সুনাম এবং অভিজ্ঞ ব্যবস্থাপনা তাঁদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানান তাঁরা।
এপিক প্রপার্টিজ কর্তৃপক্ষ জানায়, গত ২৩ বছরে প্রতিষ্ঠানটি ৭৫টির বেশি বাণিজ্যিক ও আবাসিক প্রকল্প নির্মাণ করে গ্রাহকদের কাছে হস্তান্তর করেছে। নতুন ‘হালিশহর হাউজিং এস্টেট’ প্রকল্পটিও আধুনিক ও নান্দনিকভাবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়।


