চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অটোরিকশা নিয়ে বের হয়ে ১৯ বছর বয়সী এক চালক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে তিনি অটোরিকশাসহ নিখোঁজ হন বলে অভিযোগ পাওয়া গেছে।
নিখোঁজ চালকের নাম মোহাম্মদ সাজ্জাদ। তিনি উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকার শাহাজাহানের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে অটোরিকশা নিয়ে বের হন সাজ্জাদ। পরে রাত ১২টার দিকে ব্রিজঘাট এলাকা থেকে চরফরিদে যাত্রী নিয়ে যান তিনি। এরপর থেকে আর তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজের ঘটনায় বুধবার সকাল থেকেই কর্ণফুলী থানা পুলিশ অনুসন্ধান শুরু করেছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম।
নিখোঁজ সাজ্জাদের চাচা মো. মনসুর আলম মুরাদ বলেন, “যাত্রী বেশে থাকা ছিনতাইকারীরা তাকে নিয়ে যায় বলে আমরা সন্দেহ করছি। কর্ণফুলী, আনোয়ারা ও বাঁশখালীসহ বিভিন্ন এলাকায় খোঁজ করেও এখন পর্যন্ত কোনো সন্ধান মেলেনি।”


