চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহা খালে আরও একটি অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। রোববার (২০ মার্চ) দুপুরে উপজেলার কালারপোল সংলগ্ন শিকলবাহা খালে জোয়ারের পানিতে ভেসে আসা ভাসমান অবস্থায় থাকা এ লাশ উদ্ধার করা হয়।
সদরঘাট নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মিজানুর রহমান জানান, কর্ণফুলী নদীর শাখা খাল শিকলবাহা খালে ভেসে আসা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। উদ্ধারকালে মৃতদেহের শরীরে ফুল হাতা খয়েরি রঙের শার্ট পরিহিত অবস্থায় ছিল। মৃত ব্যক্তির উচ্চতা ৫ ফিট ৪ ইঞ্চি। মুখমণ্ডলে আনুমানিক ৬/৭ ইঞ্চি কাঁচা পাকা দাঁড়ি ও মাথায় কাঁচা পাকা চুল আছে।
তিনি আরও বলেন, পরিচয় নির্ণয়ের জন্য ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ ও যাচাইয়ের জন্য সিআইডি ও পিবিআইকে বলা হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে শনিবার দুপুরে উপজেলার ভেল্লাপাড়া ব্রিজ সংলগ্ন শিকলবাহা খাল হতে ভাসমান অবস্থায় থাকা একটি লাশ উদ্ধার করে সদরঘাট নৌ থানা পুলিশ। রোববার চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।
এফএম


