পানির স্তর দ্রুত কমে যাওয়ায় দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র রাঙামাটির কাপ্তাইয়ে তীব্র উৎপাদন সংকট দেখা দিয়েছে। বর্তমানে কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে মাত্র একটি ইউনিট চালু থাকায় বিদ্যুৎ উৎপাদন নেমে এসেছে মাত্র ৪০ মেগাওয়াটে।
কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা জানান, শুষ্ক মৌসুমে কর্ণফুলী নদীর কাপ্তাই লেকের পানির স্তর আশঙ্কাজনকভাবে কমে গেছে। ফলে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে না।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র (কপাবিকে) সূত্রে জানা যায়, কেন্দ্রের পূর্ণ সক্ষমতা অনুযায়ী পাঁচটি ইউনিট চালু থাকলে মোট ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। কিন্তু বর্তমানে শুধুমাত্র ২ নম্বর ইউনিট চালু থাকায় উৎপাদন সীমিত হয়ে ৪০ মেগাওয়াটে নেমে এসেছে।
কপাবিকের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, রুল কার্ভ অনুযায়ী লেকে পানি থাকার কথা ৮৩.৮০ ফুট মিন সি লেভেল (এমএসএল), কিন্তু বুধবার সকাল ৯টা পর্যন্ত পানির স্তর নেমে এসেছে ৭৭.৪৭ ফুটে। এই কারণে বাধ্য হয়ে একাধিক ইউনিট বন্ধ রাখতে হচ্ছে।
কন্ট্রোল রুমের প্রকৌশলীরা জানান, কয়েক দিন আগেও দুটি ইউনিট চালু রাখা সম্ভব হলেও পানির স্তর দ্রুত হ্রাস পাওয়ায় মঙ্গলবার (২০ এপ্রিল) থেকে একমাত্র একটি ইউনিট সচল রাখা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সচল ইউনিটটিও যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


