রাঙামাটির কাপ্তাই হ্রদে প্রথমবারের মতো একটি নতুন প্রজাতির আইড় মাছের সন্ধান পেয়েছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) বিজ্ঞানীরা। বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এই মাছটির বৈজ্ঞানিক নাম Sperata aorala।
গবেষকদের দাবি, এ প্রজাতির মাছটি দেশের মিঠা পানির জলে আগে কখনও শনাক্ত হয়নি। আইড় মাছের বাহ্যিক গঠন ও জিনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করে এর স্বতন্ত্র পরিচয় নিশ্চিত করা হয়।
বিএফআরআই ও নদী উপকেন্দ্রের রাঙামাটি শাখার গবেষকরা জানান, Sperata aor ও Sperata seenghala নামের দুটি বিপন্ন প্রজাতির আইড় মাছ আগে থেকেই পরিচিত। কিন্তু কাপ্তাই হ্রদে পাওয়া এই নতুন প্রজাতিটি শরীরের গঠন, ম্যাক্সিলারি বারবেল, চোয়াল, এডিপোজ ফিন, অক্সিপিটাল প্রসেস ও এপিনিউরাল শিল্ডের গঠন অনুযায়ী একেবারে আলাদা বৈশিষ্ট্যের।
নতুন প্রজাতির এই মাছের ওজন ১ থেকে ১.৫ কেজির মধ্যে হয়ে থাকে। পৃষ্ঠদেশ ধূসর, পেটের দিক সাদাটে এবং দেহের দুই পাশ রুপালি রঙের। চোয়াল থেকে পৃষ্ঠ পাখনার উৎপত্তিস্থল পর্যন্ত দেহ ঢালু, চোখের সামনের অংশ লম্বা এবং পুচ্ছ পাখনা পর্যন্ত বিস্তৃত বারবেল রয়েছে।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ইশতিয়াক হায়দার জানান, আইড় মাছ নিয়ে গবেষণার সময় এটির ভিন্নতা প্রথম ধরা পড়ে। পরে কৌলিতাত্ত্বিক বিশ্লেষণে দেখা যায়, এটি সম্পূর্ণ নতুন এক প্রজাতি, যার সঙ্গে Sperata aorala রেফারেন্স জিনোমের শতভাগ মিল রয়েছে।
গবেষণায় অংশ নিয়েছেন ড. আজহার আলী, ড. মো. রবিউল আউয়াল হোসেন, মো. ইশতিয়াক হায়দার, বি এম শাহিনুর রহমান, মো. খালেদ রহমান, রাবিনা আক্তার লিমা, মো. ইমদাদুল হক ও মো. লিপন মিয়া।
গবেষকরা জানিয়েছেন, নতুন এ প্রজাতির মাছের জীবনচক্র ও আবাস সম্পর্কে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। পাশাপাশি বাণিজ্যিক সম্ভাবনার কথা মাথায় রেখে সংরক্ষণের দিকেও গুরুত্ব দেওয়া জরুরি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।



মন্তব্য নেওয়া বন্ধ।