খাগড়াছড়িতে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

0

খাগড়াছড়িতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোররাত পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লিটন চৌধুরী, মো. মাহফুজ জুয়েল, সুজন বিশ্বাস, মো. সাকিল ও মো. রুবেল। পুলিশ জানিয়েছে, তারা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী।

পুলিশের দাবি, গত ১৭ সেপ্টেম্বর ভোররাতে খাগড়াছড়ি আদালত চত্বরে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে সরকারি জনগুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষতিসাধনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

এ ছাড়া ২০ সেপ্টেম্বর ভোররাতে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কে মিছিল ও রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে সরকারি গাছ কেটে যান চলাচল বন্ধ করে অবরোধ কর্মসূচি পালনের চেষ্টার অভিযোগও করা হয়েছে।

ওসি কায় কিসলু বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনসহ একাধিক মামলা রয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।