চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ৩

0

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহৃত সাত বছর বয়সী এক শিশুকে উদ্ধারের পাশাপাশি তার চাচাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার সরফভাটা ক্ষেত্রবাজার এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মো. ফয়সাল (৩২), মো. রাকিব (২২) ও জাহাঙ্গীর আলম (৫৫)। ফয়সাল অপহৃত শিশুর বাবার মামাতো ভাই।

পুলিশ জানায়, সোমবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে ফয়সাল শিশুটির বাবার অসুস্থতার কথা বলে তাকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিজের ভাড়া বাসায় নিয়ে আটকে রাখে। শিশুটি নিখোঁজ হওয়ার পর তার বাবা দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় মামলা করেন।

চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, স্থানীয় একটি দোকানের সিসিটিভি ফুটেজে শিশুটিকে অটোরিকশায় তুলে নেওয়ার দৃশ্য দেখা যায়। অটোরিকশার মালিকানা যাচাই করে ফয়সালকে শনাক্ত করা হয়। পরে চালক রাকিব ও সহযোগী জাহাঙ্গীরকে আটক করে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফয়সালের বাসা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, ফয়সাল পরিবারের নিয়মিত যাতায়াতকারী হওয়ায় শিশুটি তাকে চিনত এবং সহজেই তার সঙ্গে চলে যায়। অপহরণের পর সন্দেহ এড়াতে ফয়সাল শিশুটির পরিবারের সঙ্গে খোঁজাখুঁজিতেও অংশ নেন এবং শিশুটির মায়ের সঙ্গে মাজারেও যান।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।